নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৮ অক্টোবর: সংগঠনকে বুথ স্তর পর্যন্ত মজবুত করার লক্ষ্যে ৩৬ শান্তিরবাজার মন্ডলের অন্তর্গত ৭টি মোর্চার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিজেপি।

বুধবার মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে এই কমিটিগুলির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ৩৬ শান্তিরবাজার মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, মন্ডলের সহ-সভাপতি পার্থ পাটারি, মন্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক মম্বু মগ সহ মন্ডলের প্রতিটি মোর্চার সভাপতি ও অন্যান্য পদাধিকারীরা।

দলীয় সূত্রে জানা গেছে, এদিন যে ৭টি মোর্চার কমিটি ঘোষণা করা হয়েছে, সেগুলি হলো যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, ওবিসি মোর্চা, তপশিলি জাতি মোর্চা, তপশিলি উপজাতি মোর্চা এবং সংখ্যালঘু মোর্চা। দীর্ঘদিন ধরে এই কমিটি গঠনের অপেক্ষায় ছিলেন তৃণমূল স্তরের কার্যকর্তারা। বুধবার সেই অপেক্ষার অবসান হলো।

এ বিষয়ে মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক বলেন, “ভারতীয় জনতা পার্টি একটি ক্যাডার ভিত্তিক দল। সংগঠনই আমাদের মূল শক্তি। আসন্ন দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং বুথ স্তর পর্যন্ত দলকে মজবুত করতে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “আমরা সবাইকে সাথে নিয়ে, সবাইকে নিয়ে চলার নীতিতে বিশ্বাস করি। নতুন ও পুরনোর মিশ্রণে এই কমিটি গঠন করা হয়েছে। সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।” নতুন কমিটিতে স্থান পাওয়া সকল কার্যকর্তাকে মন্ডলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত কার্যকর্তারা জানিয়েছেন, দল তাঁদের উপর যে ভরসা রেখেছে, তার মর্যাদা রাখতে তাঁরা নিরলসভাবে ভবিষ্যতে কাজ করে যাবেন।

রাজনৈতিক মহলের মতে, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে ৭ মোর্চার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে শান্তিরবাজার মন্ডলে বিজেপির সংগঠন আরও সুসংহত হবে বলেই মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *