আগরতলা।। জিরানিয়ায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত তপন দাসের বাড়িতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মারধর করে কখনও দলের শক্তি বৃদ্ধি করা যায় না।
ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে মানুষের সমর্থন আদায় করা সম্ভব নয়।”ঘটনাস্থলে পৌঁছে তিনি আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং হামলার পুরো ঘটনার খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন অংশও পরিদর্শন করেন তিনি। এদিন তার সঙ্গে দলের আরও কয়েকজন নেতৃত্ব ও কর্মী উপস্থিত ছিলেন।
ঘটনার নিন্দা জানিয়ে মানিক সরকার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে বিরোধী মতকে দমন করতে হামলা, ভাঙচুর বা সন্ত্রাসের পথ বেছে নিতে হবে। তিনি অভিযোগ করেন, বর্তমানে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি কখনও সুস্থ গণতন্ত্রের পক্ষে ভালো হতে পারে না।
প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জিরানিয়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাম নেতৃত্ব।
