আগরতলা ।। পুর নির্বাচনকে ঘিরে ত্রিপুরার রাজনৈতিক ময়দানে ক্রমশ বাড়ছে উত্তাপ। বিরোধী ঐক্যের সম্ভাবনায় জল ঢেলে এবার এককভাবেই নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি শুরু করল প্রদেশ কংগ্রেস।

বুধবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে ৪৯টি ওয়ার্ডে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। আর এই প্রার্থী ঘোষণার জন্য সরাসরি সিপিআইএমের একতরফা মনোভাবকেই দায়ী করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।আসন্ন ২৭ নভেম্বরের পুর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। এরই মধ্যে বুধবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সেখানে দলের ৪৯টি ওয়ার্ডের প্রার্থীদের নামের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।তবে এখনও চূড়ান্ত হয়নি দুটি ওয়ার্ডের প্রার্থী নির্বাচন। ৩০ ও ৩৫ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও।অন্যদিকে, বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতা না হওয়ার জন্য সিপিআইএমের একতরফা চিন্তাভাবনাকেই কাঠগড়ায় তুললেন সুদীপ রায় বর্মন। তাঁর অভিযোগ, আসন সমঝোতা নিয়ে বিরোধী দলগুলির মধ্যে ঐকমত্য তৈরি না হওয়ায় কংগ্রেস বাধ্য হয়েই এককভাবে ৪৯টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেছে।উল্লেখ্য, জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের ঐক্য ও সমন্বয়ের কথা বলা হলেও ত্রিপুরার পুর নির্বাচনকে ঘিরে বিরোধী শিবিরের অভ্যন্তরীণ মতপার্থক্য ফের প্রকাশ্যে চলে এসেছে।

এখন প্রশ্ন, বাকি দুটি ওয়ার্ডে কংগ্রেস কাদের প্রার্থী করে এবং নির্বাচনী লড়াইয়ে বিরোধী ঐক্যের কোনও নতুন সমীকরণ তৈরি হয় কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *