আগরতলা।।গতকাল এডিসি নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর থেকেই গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সন্ত্রাসের খবর সামনে আসছে। একই রকম ভাবে ১৫ নং জিরানিয়া আসনের অন্তর্গত এলাকাতে বিজেপি দলের হয়ে যিনি প্রতিদ্বন্দিতা করে পরাজিত হয়েছেন সেই অভিজিৎ দেববর্মার বাড়িতে গতকাল গভীর রাতে দুষ্কৃতিকারীরা আক্রমণ সংঘটিত করে বলে খবর।
শ্রী দেববর্মার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা সহ বিভিন্নভাবে হুমকি প্রদান করা হয়, যার পরিপ্রেক্ষিতে উনার পরিবারের পরিজনেরা প্রচন্ডভাবে আতঙ্কিত এবং ভিত সন্ত্রস্ত হয়ে পড়েন।এই পরিস্থিতিতে আজ মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের খাদ্য এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল অভিজিৎ দেববর্মার বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা প্রদান করেন ।
মন্ত্রী সুশান্ত চৌধুরী অভিজিৎ দেববর্মার সাথে কথা বলার পাশাপাশি উনার বাড়ির অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন এবং আগামী দিনে সার্বিকভাবে প্রশাসনের মধ্য দিয়ে সকল প্রকারের সাহায্য সহযোগিতা করার মধ্য দিয়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
