আগরতলা।। মা দুর্গা ও মা কালী আমাদের কাছে মাতৃশক্তি ও নারী শক্তির প্রতীক। শৈশব থেকেই নারী শক্তির প্রতি মানুষের শ্রদ্ধা ও সম্মান রয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষের জীবনে এই মাতৃশক্তির গুরুত্ব অপরিসীম।

কথাগুলি বলেছেন বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল. আসন্ন শারদীয় দুর্গাপূজা ও কালীপূজাকে সামনে রেখে ১৮ সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল কমিটি ও মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জনতা মিলন মেলা উৎসব ২০২৬’। রবিবার আগরতলার মলয়নগর বাইপাস হাউসিং কমপ্লেক্সের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবের আবহে মিলিত হন এলাকার বিভিন্ন স্তরের মানুষ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন রামপ্রসাদ পাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন,প্রতি বছর মা দুর্গা ও মা কালী আমাদের মাঝে আবির্ভূত হন। তাঁদের আগমনের মূল তাৎপর্য হলো সমাজের অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সঞ্চার। মায়ের আগমনের মধ্য দিয়ে মানুষের মনে নতুন আশার সৃষ্টি হয় এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে। সূর্যমণিনগরের নারী শক্তির প্রসঙ্গ তুলে রামপ্রসাদ পাল বলেন, এই এলাকার মহিলারাও একেকজন দুর্গা ও কালী শক্তির প্রতীক। তাঁদের সম্মান ও বন্দনার উদ্দেশ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা ও কালীপূজার আবহে নারী শক্তি ও মাতৃশক্তির বন্দনার পাশাপাশি এই অনুষ্ঠান জনতার মিলনমেলার রূপ নিয়েছে।

উৎসবকে সামনে রেখে এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার জন্যে বলেন । তিনি আরো বলেন, এই মিলনমেলার মধ্য দিয়ে সকলের সংকল্প হওয়া উচিত—আসন্ন দুর্গাপূজা ও কালীপূজা যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা যায়। সমাজে যেন কোনো বিভেদ, ঘৃণা বা অমঙ্গল না থাকে। সকল সম্প্রদায় ও সকল স্তরের মানুষ একসঙ্গে মিলেমিশে থেকে মায়ের আশীর্বাদ নিয়ে শান্তি ও সুখে বসবাস করুক—এই বার্তাই হওয়া উচিত এই মিলনমেলার মূল লক্ষ্য।
রামপ্রসাদ পাল আরও বলেন, নারীদের সম্মান, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়েই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

উৎসবের প্রাক্কালে আয়োজিত এই জনতা মিলনমেলা তাই শুধু আনন্দ ও মিলনের অনুষ্ঠান নয়, বরং নারী শক্তির প্রতি শ্রদ্ধা, সামাজিক সম্প্রীতি এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার এক গুরুত্বপূর্ণ বার্তাও বহন করে। এদিনের এই অনুষ্ঠানে এছাড়াও বিশিষ্টদের মধ্যে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্যী, প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মৌসুমী দাস, প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদক কমল দে সহ দলের অন্যান্য কার্যকর্তারা ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *