আগরতলা।। সারা ভারত কৃষক সভার রাজ্য দপ্তর কৃষক ভবনে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক রতন দাস এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সিদ্দিকুর রহমান।সাংবাদিক সম্মেলন থেকে দুষ্কৃতীদের কঠোর শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারকে দাঁড়ানো এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

নেতৃত্বের অভিযোগ, সম্প্রতি দুষ্কৃতীরা একটি পরিবারের উপর হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এমনকি পরিবারের সদস্যদের উপর শারীরিক নির্যাতনও চালানো হয়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

তাদের আরও দাবি, আক্রান্ত পরিবারটি অত্যন্ত দরিদ্র। তাই তাদের জীবন-জীবিকা সুনিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি এলাকায় যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে তা দূর করে শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। মানুষের মৌলিক অধিকার রক্ষায় প্রশাসনকে আরও সংবেদনশীল ও সক্রিয় হতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *