আগরতলা।। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে পূর্ত, তথ্য ও সংস্কৃতি এবং অর্থ দপ্তরের মোট ৮১টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ত দপ্তরে ২৬টি এলডিসি পদ, তথ্য ও সংস্কৃতি দপ্তরে ৫০টি শূন্যপদ এবং অর্থ দপ্তরের অধীন ক্ষুদ্র সঞ্চয় বিভাগে ৫ জন স্মল সেভিংস ইন্সপেক্টর নিয়োগ করা হবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে কড়া বার্তা দিয়েছে সরকার। মন্ত্রী জানান, রাজ্যে প্রয়োজনীয় পণ্য ও জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। মূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স ও মহকুমা প্রশাসন নিয়মিত নজরদারি চালাচ্ছে। কোথাও অনিয়ম ধরা পড়লে জরিমানা, দোকান বন্ধসহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়ম ভাঙলে কাউকেই রেহাই দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি।কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের জারি করা রোস্টার ডিউটি পরিবর্তনের পরামর্শ করেছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়।

তিনি সরকারের কাছে পরামর্শ রেখেছিলেন রোস্টার ডিউটির পরিবর্তে সরকারি কর্মচারীদের কাজের সময় বাড়িয়ে ছুটির দিন বাড়ানোর জন্য। মুখ্য সচেতকের পরামর্শে এবার সেই পথেই হাঁটলো ত্রিপুরা মন্ত্রী পরিষদ। সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্তে রবিবারের পাশাপাশি শনিবারও ছুটি ঘোষণা হলো সরকারি কর্মচারীদের জন্য।

এখন থেকে সপ্তাহে ৫ দিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৯ঃ৩০ থেকে ৬ টা পর্যন্ত চলবে সরকারি অফিসের কাজকর্ম। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর সাংবাদিক সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রসঙ্গত জ্বালানি নিয়ে সংকট কমাতে ইতিপূর্বে রাজ্য সরকারের গ্রুপ সি এবং বি স্তরের কর্মচারীদের জন্য রোস্টার ডিউটি চালু করেছিল রাজ্য সরকার।

এদিন মন্ত্রিসভার বৈঠকের পর পূর্বের সেই সিদ্ধান্ত বাতিল বলে ঘোষণা করা হয়েছে। রোস্টার ডিউটির পরিবর্তে সপ্তাহে দুদিন ছুটি পাচ্ছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান সহ অঙ্গনওয়াড়ি স্তরে কর্মচারীদের জন্য ছুটির বিষয়ে এখনো কোনো ঘোষণা নেই সরকারের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *