আগরতলা, প্রতিনিধি : শিল্প, সংস্কৃতি ও প্রতিভার এক বর্ণাঢ্য মিলনমেলা হতে চলেছে নবীন কালচারাল একাডেমির ১৮তম বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। আগামী ৩০ আগস্ট ২০২৬, রবিবার, আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান।এবারের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে একাডেমির ছাত্রছাত্রীদের হাতে এক হাজারেরও বেশি পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হবে।

বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অন্যান্য ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হবে। একসঙ্গে বিপুল সংখ্যক প্রতিভাবান ছাত্রছাত্রীকে সম্মান জানানোর এই উদ্যোগ অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর শ্রী অভিষেক দত্ত।

নবীন কালচারাল একাডেমীর এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার জন্য রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য কে আমন্ত্রণ জানানো হয়েছে পাশাপাশি সম্মানিত অতিথি হিসেবে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে ও আমন্ত্রণ জানানো হয়েছে।। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—শ্রীমতী শিবানী গোস্বামী, সর্বভারতীয় থিয়েটার কাউন্সিলের সচিব এবং সঙ্গীত নৃত্য সোসাইটির সাধারণ সম্পাদিকা;শ্রী অমিত ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব;শ্রী বাপন সাহা, জনদর্পণ ও নর্থ ইস্ট সংবাদপত্রের প্রধান সম্পাদক;শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী, আর্ট সোসাইটির সম্পাদক;শ্রী কৃষ্ণকান্ত দেবনাথ, আর্ট সোসাইটির সভাপতি; এবংশ্রী রঞ্জিত রাজপুত সিং, নৃত্যশিক্ষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

পুরস্কার বিতরণের পাশাপাশি এবারের অনুষ্ঠানে থাকছে একাধিক বিশেষ আকর্ষণ। একাডেমির ছাত্রছাত্রীরা দর্শকদের সামনে সরাসরি চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের সৃজনশীল ভাবনা ও শিল্পপ্রতিভা তুলে ধরবে। পাশাপাশি থাকছে চিত্রাঙ্কনের সঙ্গে র‍্যাম্প পরিবেশনা, যেখানে শিল্প, রং, পোশাক ও বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অভিনব সমন্বয় দর্শকদের সামনে উপস্থাপিত হবে।এছাড়াও একাডেমির ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

নৃত্য, সংগীত এবং অন্যান্য পরিবেশনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে।দীর্ঘদিন ধরে নবীন কালচারাল একাডেমি শিশু ও তরুণ প্রজন্মের মধ্যে শিল্প ও সংস্কৃতির চর্চা, সৃজনশীলতার বিকাশ এবং প্রতিভার যথাযথ মূল্যায়নের লক্ষ্যে কাজ করে চলেছে। একাডেমির ১৮তম বার্ষিক অনুষ্ঠান সেই দীর্ঘ পথচলার আরও একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় অধ্যায় হতে চলেছে।নবীন কালচারাল একাডেমির প্রতিষ্ঠাতা শ্রী নবীন দত্ত মহাশয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতিপ্রেমী তথা সর্বস্তরের মানুষকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

এক হাজারেরও বেশি পুরস্কার ও সম্মাননা প্রদান, ছাত্রছাত্রীদের সরাসরি চিত্রাঙ্কন, চিত্রাঙ্কনের সঙ্গে অভিনব র‍্যাম্প পরিবেশনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে নবীন কালচারাল একাডেমির ১৮তম বার্ষিক অনুষ্ঠান আগরতলার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক স্মরণীয় আয়োজন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *