আগরতলা :আগরতলার নগর পরিকাঠামো, নাগরিক পরিষেবা ও সার্বিক উন্নয়নে গত পাঁচ বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে । বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে আগরতলা পুরনিগমের অধীনে গত পাঁচ বছরে উন্নয়নমূলক কাজে মোট ২,০৩৪.১৪ কোটি টাকা ব্যয় করা হয়েছে। অথচ পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের শেষ পাঁচ বছরে এই খাতে ব্যয়ের পরিমাণ ছিল মাত্র ৩০০ কোটি টাকা।
আজ আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী হিমানী দেববর্মার সমর্থনে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এই কথা বলেন। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গত পাঁচ বছরের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। উল্লেখ্য, আসন্ন পুরনিগম নির্বাচনে বিজেপির প্রচার অভিযানের দায়িত্বেও রয়েছেন রতনলাল নাথ।
মন্ত্রী বলেন, আগরতলার উন্নয়নে বর্তমান সরকারের সময়ে যে পরিমাণ অর্থ বরাদ্দ ও ব্যয় করা হয়েছে, তা পূর্ববর্তী সরকারের আমলের তুলনায় অনেক বেশি। রাস্তা, নিকাশি, পানীয় জল, আবাসন, সৌন্দর্যায়ন থেকে শুরু করে নাগরিক পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তাঁর মতে, উন্নয়নের এই পরিসংখ্যানই দুই সরকারের কাজের মধ্যে পার্থক্য স্পষ্ট করে দিচ্ছে।
আবাসন প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরে মন্ত্রী রতন লাল নাথ জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগরতলার দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য ৩২ হাজার ৪৫৮টি বাড়ি প্রদান করা হয়েছে। অন্যদিকে, বামফ্রন্ট সরকারের শেষ পাঁচ বছরে প্রায় ৪ হাজার বাড়ি দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।শহরের জল জমার সমস্যা মোকাবিলায় ২৩টি বৈদ্যুতিক ও ডিজেলচালিত পাম্প স্থাপন করা হয়েছে। আরও তিনটি পাম্প বসানোর কাজ চলছে। পাশাপাশি, পুরনিগমের উদ্যোগে ২৫টি পুকুর সংস্কার করা হয়েছে।
সড়ক ও নিকাশি পরিকাঠামোর উন্নয়নের খতিয়ান তুলে ধরে মন্ত্রী জানান, গত পাঁচ বছরে ৩৯.৯৭ কিলোমিটার ব্রিক সোলিং রাস্তা এবং ৭৬.৯৩ কিলোমিটার সিসি ও আরসিসি রাস্তা নির্মাণ করা হয়েছে। একই সময়ে ৬৯.৬৯ কিলোমিটার খোলা নিকাশি এবং ২.৩৮ কিলোমিটার ঢাকা নিকাশি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।শহরের সৌন্দর্যায়ন ও পরিবেশ উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান রতনলাল নাথ। তিনি বলেন হাওড়া নদীর রিভার ফ্রন্টের সৌন্দর্যায়নে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই উদ্যোগ আগরতলার সৌন্দর্য বৃদ্ধি এবং শহরবাসীর জন্য উন্নত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বলেন ।
পানীয় জল পরিষেবার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, অম্রুত (AMRUT) প্রকল্পের অধীনে ৪৭টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়া ২৬টি পরিবর্তিত আইআরপি এবং আরও পাঁচটি অতিরিক্ত আইআরপি স্থাপন করা হয়েছে।শহরে প্রায় ২৭০ কিলোমিটার নতুন পানীয় জলের পাইপলাইন বসানো হয়েছে। এর ফলে ১৬ হাজার ২২৬টি পরিবার পানীয় জলের নতুন সংযোগ পেয়েছে।তিনি আরও জানান, সাস্কি (SASKI) প্রকল্পের অধীনে দৈনিক ৫৫ লক্ষ লিটার ও ৬৮ লক্ষ লিটার জল পরিশোধনের ক্ষমতাসম্পন্ন দুটি গুরুত্বপূর্ণ জল পরিশোধন কেন্দ্রের কাজ হাতে নেওয়া হয়েছে।
পানীয় জলের পাইপলাইনে ফাটল, দূষণ এবং অন্যান্য ত্রুটি শনাক্ত করতে রোবোটিক প্রযুক্তির ব্যবহারও শুরু হয়েছে।আবাসন ক্ষেত্রে বিভিন্ন আয়ের মানুষের চাহিদার কথা মাথায় রেখে একাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী জানান শান্তিপাড়ায় নিম্ন আয়ের মানুষের জন্য ৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
অন্যদিকে, কুঞ্জবনে উচ্চ আয়ের মানুষের জন্য তৈরি করা হয়েছে ৭২টি ফ্ল্যাট।এছাড়া লাইটহাউস হাউজিং প্রকল্পের অধীনে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির ১,০০০ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে ২৭৮টি ফ্ল্যাটের নির্মাণ সম্পন্ন হয়েছে।আগরতলার ক্রমবর্ধমান বাণিজ্যিক কর্মকাণ্ড ও নগরায়ণের প্রসঙ্গ তুলে ধরে রতনলাল নাথ জানান, গত পাঁচ বছরে পুরনিগমের অধীনে নতুন করে ৭৬৯টি হোটেলকে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়েছে।
এছাড়া ৯৬৫টি রেস্তোরাঁ এবং ৭১৯টি গয়নার দোকানকে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। শহরে ৫,২০৩টি ওষুধের দোকান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও জানান, গত পাঁচ বছরে মোট ১৩ হাজার ১৯৭টি বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছে। তাঁর মতে, এই পরিসংখ্যান আগরতলার ক্রমবর্ধমান নগরায়ণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারেরই প্রতিফলন।পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নগর পরিকাঠামোর উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় আগরতলায় একাধিক ক্ষেত্রে উন্নয়নের ঘাটতি তৈরি হয়েছিল। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে বৃহৎ পরিসরে বিনিয়োগের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, বিজেপি সরকারের উন্নয়নের ভাবনা শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ নয়। রাস্তা, নিকাশি, পানীয় জল, আবাসন, পরিচ্ছন্নতা এবং নাগরিক পরিষেবার ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনাই সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন গত পাঁচ বছরে আগরতলা পুরনিগমের উন্নয়নের খতিয়ানই সবকিছু বলে দিচ্ছে। পূর্ববর্তী সরকারের দৃষ্টিভঙ্গি এবং আমাদের সরকারের উন্নয়নের প্রতি অঙ্গীকারের পার্থক্য পরিসংখ্যান ও বাস্তবে সম্পন্ন হওয়া কাজের মধ্য দিয়েই স্পষ্ট।
