শান্তির বাজার: আগামী ২৭ নভেম্বর পুর পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। নির্বাচনের আগে শান্তিরবাজারে প্রশাসন ও পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্ল্যাগ মার্চ। সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ।

আসন্ন পুর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে বুধবার সন্ধ্যায় শান্তিরবাজার মহকুমায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই ফ্ল্যাগ মার্চের আয়োজন।

এদিনের এই ফ্ল্যাগ মার্চটি শান্তিরবাজার থানা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এই ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমা শাসক দীপিকা গৌতম IAS, ভারপ্রাপ্ত মহকুমা শাসক জয়দ্বীপ দেববর্মা, DCM কাকুলি সাহা, DCM সৌম্যজিৎ দাস, ARO তথা DCM সইফ উদ্দিন আহমেদ, ARO তথা পুর পরিষদের ডেপুটি CEO পবিত্র দাস এবং ARO তথা DCM কমলাকান্ত দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপ্পি দেববর্মা, শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত, বাইখোড়া থানার ওসি অনিরুদ্ধ দাস-সহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা অব্যাহত থাকবে। ফ্ল্যাগ মার্চের মাধ্যমে একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের প্রস্তুতির বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর শান্তিরবাজারে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *