নিজস্ব প্রতিনিধি, আগরতলা: সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে নয় বনমালীপুর মন্ডলের পক্ষ থেকে আগরতলার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে এক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ নয় বনমালীপুর মন্ডলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। এদিনের কর্মসূচিতে মন্ডলের অন্যান্য সদস্য ও কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয়রা।
