আগরতলা।। বুধবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে আশীষ কুমার সাহা জানান, ভারতের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্ত করছে বর্তমান নির্বাচন কমিশন।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপির দলীয় কর্মীর মতো কাজ করছেন বলে অভিযোগ তোলেন তিনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে তাঁর পদত্যাগের দাবি জানান প্রদেশ সভাপতি।এই দাবিতে আগামীকাল বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ কর্মসূচি ও মিছিলের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে দলের সকল কর্মী সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
অন্যদিকে আজকের সাংবাদিক সম্মেলন মঞ্চ থেকেই অন্যান্য দল ছেড়ে ৬ জন কংগ্রেস দলে যোগদান করেন। প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং দলে স্বাগত জানান।
