আগরতলা ।। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি রেগুলার কর্মচারীদের হাউজ রেন্ট অ্যালাউন্স (HRA) ১০ শতাংশ করা হয়েছে।রাজ্য সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানালো প্রদেশ বিজেপি।
বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী।সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী জানান, রাজ্যের কর্মচারীদের জন্য রাজ্য সরকার যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তার জন্য রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মন্ত্রিসভার সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে প্রদেশ বিজেপি। এই সিদ্ধান্তে রাজ্যের কয়েক লক্ষ কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন।
পাশাপাশি তিনি জানান, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে যে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষ করে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিভিন্ন দপ্তরে শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার যে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, তারও সাধুবাদ জানিয়েছে প্রদেশ বিজেপি।
রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে।রাজ্য সরকারের এই জনমুখী সিদ্ধান্তে খুশি রাজ্যের কর্মচারী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।
