আগরতলা : আগরতলা ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নতুননগর বাজার এলাকায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর জগদীশ দাস, মণ্ডল সভাপতি রাজীব ঘোষ সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক ও স্থানীয় নেতৃত্ব। বাজারের পরিকাঠামো, নিকাশি ব্যবস্থা এবং সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা শোনেন মেয়র।পরবর্তী সময়ে মেয়র দীপক মজুমদার সাহা পাড়া, চৌধুরী পাড়া, দেশবন্ধু পাড়া সহ ওই এলাকার আরও বেশ কয়েকটি নির্মীয়মান নতুন রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিতে কেটে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, আগরতলা শহরকে যানজট মুক্ত ও উন্নত করার লক্ষ্যে পুর নিগম নিরলসভাবে কাজ করে চলেছে। বড়জলা এলাকা সহ শহরের প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট, পানীয় জল এবং আলোর ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত এবং মুখ্যমন্ত্রীর বিকশিত ত্রিপুরা গড়ার সংকল্পকে সামনে রেখেই আগরতলা পুর নিগম কাজ করছে। আগামী দিনেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
