আগরতলা।। শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় এবং বিধায়ক প্রমোদ রিয়াংয়ের প্রচেষ্টায় চলছে এই উন্নয়নমূলক কর্মসূচি।
শনিবার শান্তিরবাজার মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং সহ প্রশাসন ও পরিবহন দপ্তরের আধিকারিকরা।পরিদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্মাণ হচ্ছে এই অফিস। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী সুশান্ত চৌধুরীর দাবি, এই অফিস চালু হলে পরিবহন সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে যে সমস্যার সম্মুখীন হতে হয়, তার অনেকটাই সমাধান হবে। সমগ্র দক্ষিণ জেলায় এই অফিস একটি নিদর্শন স্থাপন করবে বলেও জানান তিনি।অপরদিকে শান্তিরবাজার ও জোলাইবাড়ি বাজারে নতুন করে মোটরস্ট্যান্ড নির্মাণের কাজ চলছে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায়।
বিধায়ক প্রমোদ রিয়াংয়ের প্রচেষ্টায় মনুবাজারেও নতুন মোটরস্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তবে এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে শনিবার মনুবাজারের প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়নি।
এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের যুগ্ম পরিবহন কমিশনার প্রদীপ সরকার, শান্তিরবাজার মহকুমাশাসক দীপিকা গৌতম, পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা।
