আগরতলা । আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে ULA মডেলের অধীনে রুফটপ সোলার প্রকল্পের সুবিধাভোগী তালিকা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত-সহ বিভিন্ন কর্পোরেটর ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।বৈঠকে প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ জানান, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে ULA নামে এই প্রকল্প চালু করতে যাচ্ছে। রাজ্যে বর্তমানে প্রায় ১০ লক্ষ বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪ লক্ষ গ্রাহক মাসে ৫০ ইউনিটেরও কম বিদ্যুৎ ব্যবহার করেন।কম বিদ্যুৎ ব্যবহারকারী এই গ্রাহকদের কীভাবে আরও বেশি সহায়তা করা যায়, সেই বিষয়টি মাথায় রেখেই এই প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। রুফটপ সোলারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সুবিধা দেওয়ার পাশাপাশি তাঁদের বিদ্যুৎ খরচের বোঝা কমানোর লক্ষ্য রয়েছে সরকারের।
রতন লাল নাথ, বিদ্যুৎমন্ত্রীপ্রকল্পের সুবিধা যাতে উপযুক্ত গ্রাহকদের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই সুবিধাভোগী তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। বৈঠকে পুর নিগমের জনপ্রতিনিধি এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সরকারের দাবি, ULA মডেলের এই উদ্যোগের মাধ্যমে কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের সহায়তা করার পাশাপাশি রাজ্যে সৌরবিদ্যুতের ব্যবহারও আরও বাড়ানো সম্ভব হবে।
