আগরতলা।। রাহুল গান্ধী মিথ্যা তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন। দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে সরব, অথচ ঝাড়খণ্ডের বেলায় নীরব। তিনি দ্বিমুখী নীতি গ্রহণ করেছেন । ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্র আন্দোলন নিয়ে রাহুল গান্ধীর নিরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধীর এই নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন। সাংবাদিক সম্মেলনের তিনি অভিযোগ করে জানান, সারাদেশে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। রাহুল গান্ধী একেক সময় একেক ধরনের মিথ্যে তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন। তিনি আরো জানান, গত মাসে দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে সরব ভূমিকায় ছিলেন রাহুল গান্ধী। অথচ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে তিনি কোন কথা বলছেন না।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এর কারণ একটাই, ঝাড়খন্ডে ঝাড়খন্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোটের সরকার রয়েছে। তাই রাহুল গান্ধী নীরব ভূমিকা পালন করে চলছেন । মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সৎ সাহস থাকলে ঝাড়খন্ডে জে এম এম সরকারের বিরুদ্ধে কথা বলুন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডের ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নিন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গির উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সৎ সাহস ছিল। তাই তিনি তৎকালীন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলেছিলেন। সেই মতো ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন।

মন্ত্রী আরো বলেন, পার্লামেন্টে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে । ঘোলা জলে মাছ ধরতেই এই পন্থা নেওয়া হয়েছে। এই ধরনের কর্মকান্ডের তীব্র বিরোধিতা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অবিলম্বে ছাত্রদের দাবি মেনে ঝাড়খন্ড সরকার সততার প্রমাণ দিক, এই দাবি করেন তিনি। মন্ত্রী জানান রাচিঁর ছাত্র আন্দোলনের পাশে রয়েছে বিজেপি দল।

সাংবাদিক সম্মেলনে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির বিরুদ্ধেও নাম না করে তোপ দাগেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বলেন বিরোধী রাজনৈতিক দলগুলির এই সমস্ত কার্যকলাপ দেশবাসী দেখছেন। মানুষই এর জবাব দেবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *