আগরতলা।। বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। গ্রাহকদের সমস্যাকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।

রবিবার আগরতলায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম এর -এর কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের একথা জানান তিনি।মন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার মানুষের সমস্যার সমাধানে বিশ্বাসী। বিদ্যুৎ বিল নিয়ে কোথাও কোনও সমস্যা থাকলে গ্রাহকদের সঙ্গে আলোচনা করে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে তা দ্রুত সমাধানের জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে বিদ্যুৎ নিগম এর এমডি বিশ্বজিৎ বসু, এজিএম, ডিজিএম, সিনিয়র ম্যানেজার, রেভিনিউ ম্যানেজার, ডিরেক্টর ফিনান্সসহ বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।এছাড়াও ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব অভিষেক সিং।রতনলাল নাথ বলেন, বন্যা ও দুর্গাপূজার মতো পরিস্থিতিতেও বিদ্যুৎ দফতরের কর্মীরা নিরলসভাবে কাজ করেছেন। কোনও গ্রাহকের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, সম্প্রতি ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বিদ্যুতের ফিক্সড চার্জ, ফুয়েল এন্ড পাওয়ার পারচেজ কস্ট অ্যাডজাস্টমেন্ট (FPPCA) এবং এনার্জি চার্জ বৃদ্ধি করেছে। তবে এই বৃদ্ধি রাজ্য সরকারের সিদ্ধান্তে হয়নি, রাজ্য সরকার তা করতেও পারেনা । কমিশন একটি স্বশাসিত সংস্থা এবং প্রতি বছর বিভিন্ন চার্জ পরিবর্তনের আগে বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্টদের মতামত গ্রহণের পর সিদ্ধান্ত নেয়।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, বিদ্যুৎ বিল বৃদ্ধি বা হ্রাসের জন্য বিদ্যুৎ নিগম সরাসরি দায়ী নয়। তবে বিল সংক্রান্ত সমস্ত সমস্যা নিয়ে সরকার বিস্তারিত আলোচনা করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক বৈঠক ইতিমধ্যেই হয়েছে এবং শীঘ্রই সরকারি পর্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন সরকার নীরব দর্শক হয়ে বসে থাকবে না। মানুষের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।এদিকে, সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে প্রায় ১ লক্ষ ৫০ হাজার প্রিপেইড মিটার গ্রাহক রিচার্জ করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন বলে জানান মন্ত্রী। তাঁদের স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এখন গ্রাহকরা চাইলে তাঁদের বকেয়া রিচার্জের অর্থ ছয় মাসের মধ্যে কিস্তিতে পরিশোধ করতে পারবেন। আবার কেউ চাইলে সম্পূর্ণ অর্থ একবারে পরিশোধ করার সুযোগও থাকবে।মন্ত্রী জানান, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যাগুলির স্থায়ী সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *