নয়াদিল্লি : কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদক জয় করে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি জুডোকা অস্মিতা দে-কে আজ নয়াদিল্লির ত্রিপুরা ভবনে সংবর্ধনা ও অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী অস্মিতা দে-র এই ঐতিহাসিক সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, অধ্যবসায় ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে অস্মিতার এই অসাধারণ সাফল্য ত্রিপুরা তথা সমগ্র দেশের জন্য গর্ব ও সম্মানের বিষয়।মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা বলেন, “আন্তর্জাতিক মঞ্চে অস্মিতা দে-র এই ঐতিহাসিক সাফল্য ভারতীয় ক্রীড়াঙ্গনের জন্য এক মাইলফলক এবং ত্রিপুরার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁর নিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং ক্রীড়া নৈপুণ্য সমগ্র রাজ্য ও দেশকে গর্বিত করেছে।

“তিনি আরও বলেন, “ত্রিপুরা থেকে আন্তর্জাতিক মঞ্চের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর অস্মিতার এই যাত্রা দেশের লক্ষ লক্ষ তরুণ ও উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। রাজ্য সরকার যুব সমাজকে উৎসাহিত করা, ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

“মুখ্যমন্ত্রী অস্মিতা দে-র আগামী দিনের ক্রীড়াজীবনের জন্য শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি ত্রিপুরা ও দেশের জন্য আরও বহু গৌরব বয়ে আনবেন।পাশাপাশি তিনি আশ্বাস দেন, আন্তর্জাতিক মঞ্চে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে অস্মিতা দে-র পাশে রাজ্য সরকার সবসময় প্রয়োজনীয় সহায়তা ও উৎসাহ প্রদান করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *