আগরতলা।। রাজ্য বিজেপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে শুরু হচ্ছে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি। মঙ্গলবার আগরতলার কুশাভাউ ভবনে বিজেপির প্রদেশ কার্যালয়ের ড. শ্যামাপ্রসাদ মুখার্জি সভাগৃহে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান দলের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এবং মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সারা দেশের মতো ত্রিপুরাতেও পর্যায়ক্রমে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে ভারতীয় জনতা পার্টি। ইতোমধ্যেই অধিকাংশ মণ্ডল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মের কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে।
আগামী ৫ থেকে ৭ আগস্ট গোমতী, পিলাক এবং সিপাহিজলা দক্ষিণ জেলায় জেলা প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে। এরপর ৮ থেকে ১০ আগস্ট সদর শহর ও গ্রামীণ এবং সিপাহিজলা উত্তরে, আর ১১ থেকে ১৩ আগস্ট খোয়াই, ধলাই, উনকোটি ও উত্তর ত্রিপুরা জেলায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।দলীয় সূত্রে জানানো হয়েছে, মণ্ডল পর্যায়ে যেখানে আটটি বিষয় নিয়ে দু’দিন এক রাতের প্রশিক্ষণ হয়েছিল, সেখানে জেলা পর্যায়ে তিন দিন দুই রাত ধরে মোট বারোটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
এই কর্মসূচিতে অংশ নিতে ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় নেতৃত্ব গুরু প্রকাশ পাসোয়ান, রাজকুমার শর্মা এবং হেমন্ত গোস্বামী।নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, ইতোমধ্যে ৫৫টি মণ্ডলের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই বাকি মণ্ডলগুলির প্রশিক্ষণও শেষ হবে। ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’-এর অংশ হিসেবে আয়োজিত এই জেলা প্রশিক্ষণ বর্গকে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক পর্ব হিসেবে উল্লেখ করা হয়।
প্রশিক্ষণ শিবিরে বিজেপির ইতিহাস ও বিকাশ, আদর্শগত ভিত্তি, সাংগঠনিক কার্যপদ্ধতি, কার্যকর্তা বিকাশ, জাতীয় চ্যালেঞ্জ, কেন্দ্র সরকারের সাফল্য, সামাজিক মাধ্যম ও মিডিয়া ব্যবস্থাপনা, বুথ ব্যবস্থাপনা এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও সাফল্যসহ মোট বারোটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
