আগরতলা।। জগন্নাথ বাড়ি সংলগ্ন ডঃ বি.আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস থেকে ছাত্রীদের জন্য বরাদ্দকৃত খাবার চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে মহিলা পাচকরা আটক হয়। ছাত্রীরা দীর্ঘদিন ধরে তাদের হাতেনাতে ধরার জন্য পরিকল্পনা নিয়ে রেখেছিল। রবিবার সুযোগ বুঝে তাদের আটক করতে সক্ষম হয়। এই খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হলে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নজরে আসে বিষয়টি।
আজ মন্ত্রী বিকাশ দেববর্মা ছাত্রী নিবাসটি পরিদর্শনে আসেন।জানা যায়, সরকার থেকে পিছিয়ে পড়া অংশের ছাত্র-ছাত্রীদের পড়ালেখার সুবিধার কথা চিন্তা করে রাজ্যের বিভিন্ন স্থানে হোস্টেল নির্মাণ করেছে। তার মধ্যে একটি হল জগন্নাথ বাড়ি সংলগ্ন ডঃ বি.আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস। এই ছাত্রী নিবাসে থেকে পড়ালেখা করে বহু ছাত্রী।সরকার থেকে ছাত্রীদের জন্য প্রতি মাসে খাবার সামগ্রী দেওয়া হয়। ছাত্রীদের খাবার রান্নার দায়িত্বে রয়েছে চার জন মহিলা পাচক।
তাদেরকে সরকার থেকে টাকা প্রদান করা হয় মজুরি হিসাবে। কিন্তু দেখা গেল এই পাচকরাই দিনের পর দিন গিলে খাচ্ছে ছাত্রীদের জন্য বরাদ্দকৃত খাবার। বেশকিছু দিন ধরে এই হোস্টেলের ছাত্রীরা লক্ষ্য করে তাদের খাবার সামগ্রীর হিসাব মিলছে না। ছাত্রীরা এই নিয়ে পাচকদের প্রশ্ন করলে পাচকরা জানায় হোস্টেল পরিচালনার দায়িত্বে থাকা দিদিমণি পর্যাপ্ত পরিমাণে খাবার সামগ্রী প্রদান করে না।
তারপর থেকে ছাত্রীরা তাদের খাবার সামগ্রীর উপর নজর রাখতে শুরু করে। তখনই ছাত্রীদের সন্দেহ হয় খাবার রান্না করার দায়িত্বে থাকা পাচকদের। অবশেষে ছাত্রীরা তাদের জন্য বরাদ্দকৃত খাবার সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার সময় পাচকদের হাতেনাতে ধরে ফেলে।রবিবার খাবার রান্না করার পর পাচকরা যখন ব্যাগ হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়, তখন ছাত্রীরা তাদের রাস্তা আটক করে। এবং তাদের সাথে থাকা ব্যাগ চেক করবে বলে জানায়। তখনই এক মহিলা পাচক দৌড়ে পালিয়ে যায়। বাকি তিন মহিলা পাচককে ছাত্রীরা আটক করে ফেলে।
তারা ছাত্রীদের তাদের সাথে থাকা ব্যাগ চেক করতে দিচ্ছিল না। তখন ছাত্রীরা তিন মহিলা পাচকের কাছ থেকে জোড় পূর্বক ব্যাগ ছিনিয়ে নিয়ে ব্যাগে তল্লাসি চালায়। ব্যাগে তল্লাসি চালাতেই চুক্ষু চড়ক গাছ ছাত্রীদের। কারন তিন মহিলা পাচকের ব্যাগ থেকে উদ্ধার হয় চাল, ডাল, তেল, কাচা সবজি, কাচা মাংস এবং রান্না করা মাংস।
মন্ত্রী বিকাশ দেববর্মা ছাত্রী নিবাসে অবস্থানকারী ছাত্রীদের সঙ্গে এই বিষয়ে কথা বলে সমগ্র বিষয়টি অবগত হন। তিনি জানান রাজ্য সরকার জাতি জনজাতি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এই ছাত্রী নিবাস গুলিতে খাওয়া-দাওয়ার সু বন্দোবস্ত করেছে। পূর্বে ৮০ টাকা করে মাথাপিছু বরাদ্দ থাকলেও সরকার-ছাত্রীদের কথা চিন্তা করে এই বরাদ্দ ৮০ টাকা থেকে ১০০ টাকা করেছে। কিন্তু দুঃখের ব্যাপার ছাত্রীদের কাছে এই সকল খাবার সঠিকভাবে পৌঁছচ্ছে না। তাই এই ঘটনায় তিনি দপ্তরের আধিকারিককে নির্দেশ দেন যেন কালকের মধ্যেই এই ঘটনার সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।
পাশাপাশি ছাত্রীদের জন্য বরাদ্দকৃত খাবার সামগ্রী যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছে তা সুনির্দিষ্ট করতে ও নির্দেশ প্রদান করেছেন। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যতের প্রেরণা তাদের সঙ্গে কোনোভাবেই ছলচাতুরি বরদাস্ত করা হবে না।।
