ওয়েব ডেস্ক জনদর্পন: শুক্রবার বিকেলে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার উদয়পুর-কিলার সড়কের কাহু-দু নালা এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। সেই সময় কুলু থেকে পাঙ্গির উদ্দেশ্যে রওনা হওয়া একটি টাটা সুমোর উপর হঠাৎ বিশাল পাথর ও ধ্বংসস্তূপ ভেঙে পড়ে।
মুহূর্তের মধ্যেই গাড়িটি সম্পূর্ণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। নিহতদের মধ্যে গাড়ির চালক বীর সিংও রয়েছেন।
খবর পেয়ে টিন্ডি থানার পুলিশ, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে একজন আহত যাত্রীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অন্য একটি ভূমিধসের কারণে উদয়পুর-কিলার সড়ক বন্ধ ছিল। শুক্রবার রাস্তা খুলে দেওয়ার পরই যাত্রীবাহী গাড়িটি যাত্রা শুরু করে। কিন্তু মাঝপথেই আচমকা পাহাড় ধসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। প্রশাসন জানিয়েছে, গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং দুর্গম এলাকায় আরও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
images courtesy copy from Google images
