আগরতলা।। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন টিএসইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা। দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও কার্যকর সমাধান না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠন।
অ্যাসোসিয়েশনের অভিযোগ, চুক্তিভিত্তিক কর্মীদের একাধিক সমস্যা দীর্ঘদিন ধরেই অমীমাংসিত। বারবার স্মারকলিপি প্রদান ও আলোচনার পরও দাবিগুলির বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।সংগঠনের মূল দাবির মধ্যে রয়েছে বকেয়া বিল দ্রুত পরিশোধ, চুক্তিভিত্তিক কাজের স্বচ্ছতা নিশ্চিত করা, সময়মতো অর্থ প্রদান, কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দীর্ঘদিনের প্রশাসনিক সমস্যার স্থায়ী সমাধান।
সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। এর ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামতসহ একাধিক পরিষেবায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।যদিও জরুরি পরিষেবা সচল রাখতে বিদ্যুৎ নিগম কী ধরনের বিকল্প ব্যবস্থা নেবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এই পরিস্থিতিতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এখন সকলের নজর কর্তৃপক্ষ ও কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পরবর্তী বৈঠকের দিকে।
