আগরতলা: ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও চিন্তাধারাকে পাথেয় করে মানুষের জন্য কাজ করতে হবে। তিনি ছিলেন একজন মহান দেশপ্রেমিক, শিক্ষাবিদ, বিশিষ্ট সংসদীয় নেতা ও দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক।

ভারত কেশরী ড. শ্যামা প্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ড. শ্যামা প্রসাদ মুখার্জি টাউন হলে আয়োজিত এই কার্যক্রমে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমাদের অনেক নেতা ছিলেন যাঁরা দেশের জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। কিন্তু তাঁদের সম্পর্কে আমাদের জানতে দেওয়া হয়নি। এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় যুব সমাজ নিয়ে চিন্তা করেন। ছাত্রছাত্রীদের পড়াশুনার কথা চিন্তা করে পরীক্ষা পে চর্চা কার্যক্রম শুরু করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলছেন আমাদের স্বপ্ন দেখা উচিত। কারণ স্বপ্ন দেখলেই আমরা কিছু করতে পারবো। আর আজকের ছাত্রছাত্রীরাই আগামীদিনে আমাদের রাজ্য ও দেশের ভবিষ্যত।

আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, ড. শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন একজন অসাধারণ ব্যক্তি, একজন সম্মানিত শিক্ষাবিদ, যিনি মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন। তিনি এই পদ অর্জনকারী সর্বকনিষ্ঠ ব্যক্তি হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তিনি ছিলেন স্যার আশুতোষ মুখার্জির সুযোগ্য সন্তান। ইচ্ছে করলে আরাম আয়েশে জীবন অতিবাহিত করতে পারতেন। কিন্তু তিনি দেশের জন্য গভীরভাবে চিন্তা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গর্ব করে বলেন যে আমার কাছে সবচেয়ে বড় অস্ত্র রয়েছে। সেটা হচ্ছে দেশের যুব সমাজ। তাদের বয়স ১৮ থেকে ৩৫ বা ৪০। প্রধানমন্ত্রী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ড. শ্যামা প্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীন দয়াল ছিলেন কিংবদন্তি ব্যক্তি। আমাদের পার্টির কোন কার্যক্রম হলে ভারতমাতাকে সম্মান জানিয়ে এবং ড. শ্যামা প্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীন দয়ালকে সম্মান জানিয়ে আমরা কার্যক্রম শুরু করি। কারণ তাঁরা আমাদের শিখিয়েছেন কীভাবে দেশের জন্য কাজ করতে হবে।

মুখ্যমন্ত্রী আরো বলেন, ভারতীয় সংস্কৃতি খুবই সমৃদ্ধ ও শক্তিশালী। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। ড. শ্যামা প্রসাদ মুখার্জির মতো ব্যক্তিত্ব আমাদের অনেক কিছু দিয়ে গেছেন। তাঁরা আমাদের মার্গ দর্শন করিয়েছেন। তাঁদের জীবন সম্পর্কে জানলে আমরাও অনেক উপকৃত হবো। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছেন। যুব সমাজের সঙ্গে সংযোগ স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আজ ২১ জুন দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করা হয়।

ডাঃ সাহা আরো বলেন, আজকের এই কার্যক্রম থেকে ড. শ্যামা প্রসাদ মুখার্জির মতো একজন মহান দেশপ্রেমিক, শিক্ষাবিদ, বিশিষ্ট সংসদীয় নেতা ও দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ককে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর চিন্তাধারাকে ভাবাদর্শ করে এখন দেশ পরিচালনা করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপি প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য, যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তাগণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *