আগরতলা: যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই রাজ্য সরকার রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে আরও আধুনিক ও উন্নত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে ধারাবাহিকভাবে কাজ করে চলছে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে অলিম্পিক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক র্যালির সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজ্যের ক্রীড়াবিদদের উন্নত পরিকাঠামো প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার অঙ্গীকারবদ্ধ। বিগতদিনে দেখা গেছে যে, রাজ্যের বিভিন্ন ক্রীড়া কমিটিগুলি রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সঠিক ভূমিকা গ্রহণ করেনি। বর্তমানে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমায় ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।
রাজ্যের ছেলেমেয়েদের খেলাধুলায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, বিগতদিনে রাজ্যের কৃতি খেলোয়াড়দের সঠিক সম্মান জানানো হয়নি। বর্তমান রাজ্য সরকার রাজ্যের প্রাক্তন কৃতি খেলোয়াড়দের নামে রাজ্যের বিভিন্ন স্থানে ইন্ডোর স্টেডিয়াম, ট্র্যাক, গ্যালারি ইত্যাদির নামাকরণ করেছে। রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশন সঠিকভাবে কাজ করছে বলে সম্প্রতি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃতি দিয়েছে।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক অন্তরা সরকার দেব, আসাম থেকে আগত বিধায়ক ড. রাজদীপ রায়, ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, অধিকর্তা এল ডার্লং, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সম্পাদক সুজিত রায় প্রমুখ। অলিম্পিক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ অংশগ্রহণ করেন।
