আগরতলা।। আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে একাধিক নতুন কোর্স, সম্প্রসারিত হচ্ছে গবেষণা কার্যক্রম এবং বাড়ানো হচ্ছে আন্তর্জাতিক সংযোগ।

আগরতলায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রতন কুমার সাহা জানান, জাতীয় শিক্ষানীতি ২০২০-এর আলোকে Outcome-Based Education এবং Skillset: Theory to Practice-এর মতো একাধিক ISBN নিবন্ধিত প্রকাশনা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে পারফর্মিং আর্টস, ফুড টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং ও বিগ ডেটা বিষয়ে নতুন স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু করছে বিশ্ববিদ্যালয়।

পাশাপাশি কর্মরত পেশাজীবীদের জন্য চালু করা হয়েছে এক্সিকিউটিভ এমবিএ। গবেষণা সম্প্রসারণের অংশ হিসেবে বর্তমানে কম্পিউটার সায়েন্স, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, গণিত, ভূগোল, ইংরেজি, বাণিজ্য এবং ম্যানেজমেন্টসহ একাধিক বিষয়ে পিএইচডি কর্মসূচি পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় চালু করেছে ডিপার্টমেন্ট অফ গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। ইতিমধ্যেই ভিয়েতনাম ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি Infosys-সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগও বাড়ানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ভবিষ্যতে IoT ও Drone Lab, Intelligence Unnati Lab এবং Salesforce Data Science Centre of Excellence প্রতিষ্ঠার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে উত্তর-পূর্ব ভারতের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, গুণগত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে রাজ্যের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রতিষ্ঠান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *