আগরতলা।। জন ভাগীদারী অভিযান, সবসে দূর সবসে পহেলে” কর্মসূচিকে সামনে রেখে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বিকেল ৪টায় অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে মূলত বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার।

সাংবাদিক সম্মেলনে তিনি জন ভাগীদারী অভিযানের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া, সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি সংযোগ স্থাপন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।জেলাশাসক জানান, “সবসে দূর সবসে পহেলে” এই মূল ভাবনাকে সামনে রেখে প্রশাসন জেলার বিভিন্ন দূরবর্তী এলাকায় বিশেষ শিবির ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।

১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত চলা এই বিশেষ অভিযানের মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় ৬০টি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রশাসনিক শিবিরে প্রায় ১১ হাজার সাধারণ মানুষ তাদের সরকারি পরিষেবা গ্রহণ করে। ডঃ বিশাল কুমার জানান ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত এই বিশেষ অভিযান চললেও আরো দুই সপ্তাহ এই অভিযান বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।যাতে সাধারণ মানুষ সহজেই সরকারি সুযোগ-সুবিধা লাভ করতে পারেন এবং প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত সংবাদমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার। পাশাপাশি আগামী দিনে এই অভিযানের মাধ্যমে আরও বিস্তৃতভাবে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার কথাও তুলে ধরা হয়।অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দিতে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মত প্রকাশ করা হয়।

সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনমুখী কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *