আগরতলা।। ১৯৮৮ সালের কংগ্রেস সরকারের প্রাক্তন ভূমি ও রাজস্ব দপ্তরের মন্ত্রী কালিদাস দত্ত আর নেই। রবিবার বিকেল প্রায় ৪টা ৪০ মিনিট নাগাদ তিনি তাঁর ধর্মনগর নয়াপাড়া এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলসহ ধর্মনগর জুড়ে শোকের ছায়া নেমে আসে।কালিদাস দত্ত দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস দলের একজন পরিচিত ও অভিজ্ঞ নেতা হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮৮ সালে তিনি ত্রিপুরা সরকারের ভূমি ও রাজস্ব দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্যও তিনি বহু মানুষের কাছে শ্রদ্ধেয় ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তাঁর বড় ছেলে দীপঙ্কর দত্ত কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকলেও পিতার মৃত্যুসংবাদ পেয়ে সোমবার ধর্মনগরের নিজ বাসভবনে পৌঁছান।

সোমবার প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্তকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর নিজ বাসভবনে উপস্থিত হন উত্তর জেলা কংগ্রেস সভাপতি দীগবিজয় চক্রবর্তী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী পাশাপাশি উপস্থিত ছিলেন কৈলাশহর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বিরোজিৎ সিনা।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক কর্মী-সমর্থকরা।পরে ধর্মনগর শ্মশান ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, অতিরিক্ত উত্তর জেলার পুলিশ সুপার কমল দেববর্মা এবং মহকুমা শাসক দেবযানী চৌধুরী।

কংগ্রেস দলের কর্মীরা পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।রাজনৈতিক ও সামাজিক জীবনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণে রাখবেন ধর্মনগরের মানুষ।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *