আগরতলা ।। টাউন বড়দোয়ালি মণ্ডলে শুরু বিজেপির “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান ২০২৬”-এর বিশেষ প্রশিক্ষণ বর্গ। দু’দিন একরাত্রির এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বুথ থেকে রাজ্য স্তরের বিজেপি কার্যকর্তারা।
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় হোটেল ওরেষ্টা, নাগেরজলা, আগরতলায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ,প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন সংগঠনকে আরও শক্তিশালী, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শভিত্তিক করে গড়ে তুলতেই এই প্রশিক্ষণ মহাঅভিযানের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী কার্যকর্তাদের বিভিন্ন সাংগঠনিক, রাজনৈতিক ও আদর্শগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বুথ ব্যবস্থাপনা, জনসংযোগ, নির্বাচনী প্রস্তুতি, সামাজিক মাধ্যমের কার্যকর ব্যবহার, কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্প এবং দলের আদর্শ সম্পর্কেও বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন অংশগ্রহণকারী প্রত্যেক কার্যকর্তার জন্য রাত্রিযাপন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সকলে পূর্ণ সময় ধরে প্রশিক্ষণে অংশ নিতে পারেন।মুখ্যমন্ত্রী বলেন এই শিবিরের বিশেষ করে কার্যকর্তাদের ক্যারেক্টার এবং লিডারশিপ তৈরি করার প্রচেষ্টা করা হবে। কারণ সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে গেলে লিডারশিপ অত্যন্ত প্রয়োজনীয়। পাশাপাশি তিনি দাবী করে বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের একটি উন্মুক্ত ধারণা প্রদান করা হবে যাতে করে এই সকল কার্যকর্তারা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত প্রকল্পগুলি সুফল পেতে সাহায্য করতে পারে।
তিনি বলেন এই প্রশিক্ষণ শিবির মন্ডল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে ও রাজ্য পর্যায়ে অনুষ্ঠিত হবে।এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তৃণমূল স্তরের কার্যকর্তাদের দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
আগামী দিনে সংগঠন সম্প্রসারণ এবং রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও দাবী করেন মুখ্যমন্ত্রী।
