আগরতলা।।ত্রিপুরা রাজ্যের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে সবুজ বনানীতে ঘেরা এই রাজ্য বরাবর পর্যটন শিল্পে সম্ভাবনাময়। ত্রিপুরাতে বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে পর্যটন শিল্পকে বিকশিত করার রকমারি প্রয়াস নজরে পড়ছে। এই প্রয়াস গুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে ত্রিপুরা পর্যটন উন্নয়ন ফোরাম বরাবর কার্যকরী ভূমিকা পালন করে।
আগামী দিনে পর্যটন মানচিত্র কে বিকশিত করার ক্ষেত্রে ত্রিপুরা পর্যটন উন্নয়ন ফোরাম কোন কোন বিষয়ে কাজ করবে ইত্যাদি বিভিন্ন বিষয়কে সামনে রেখে আজ আগরতলার এক বেসরকারি হোটেলে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই বার্ষিক সাধারণ সভায় রাজ্যসভার প্রতিনিধি রাজিব ভট্টাচার্য, বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ফোরামের সভাপতি পরীক্ষিত দে প্রমূখ উপস্থিত ছিলেন।
ফোরামের কাজকর্ম এবং আজকের সাধারণ সভা নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে রাজিব ভট্টাচার্য দাবি করেন এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটন ক্ষেত্র দারুনভাবে বিকশিত হয়ে চলেছে।
সাম্প্রতিক সময়ে বলিউড সুপারস্টার শিল্পা শেট্টির এ রাজ্যে আসা ত্রিপুরেশ্বরী মন্দিরের পূজা দেওয়া সহ বিভিন্নভাবে ত্রিপুরার পর্যটন দেশ-বিদেশের কাছে খ্যাতি অর্জন করে চলেছে এই দাবি করে রাজিব ভট্টাচার্য দাবি করেন আগামী দিনে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিকশিত করার ঐকান্তিক প্রয়াস অব্যাহত।
