আগরতলা:মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গড়তে রাজ্য আরক্ষা প্রশাসন ধারাবাহিক নেশা বিরোধী অভিযান জারি রেখেছে।তারই অঙ্গ হিসেবে গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ আড়ালিয়া শালবাগান এলাকা থেকে ৬ দশমিক ২ গ্রাম ব্রাউন সুগার, ৮০০ ইয়াবা ট্যাবলেট, নগদ ৩২০০ টাকা ৩টি মোবাইল ফোন সহ এক যুবককের বাড়িতে আটক করে।
গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সড় মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ।বুধবার বিকেলে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে শহর সংলগ্ন আড়ালিয়ার শাল বাগান এলাকায় এক যুবকের বাড়িতে হানা দিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে,অভিযানে ৬.২ গ্রাম ব্রাউন সুগার, ৮০০টি ইয়াবা ট্যাবলেট,নগদ ৩২০০ টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।আটক যুবকের বিরুদ্ধে মাদক সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদরের এস ডি পি ও দেব প্রসাদ রায় বিস্তারিত তথ্য তুলে ধরেন।তিনি জানান, এলাকায় মাদক চক্রের বিরুদ্ধে ধারা বাহিক ভাবে অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরো জানান,ধৃত মাদক ব্যবসায়ীকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো একজন কুখ্যাত মাদক ব্যবসায়ীর নাম উঠে আসছে।অতি শীঘ্রই সেই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে পুলিশ জালে তুলবে।
তিনি জানান যেকোনো ধরনের অবৈধ নেশা সামগ্রী এর বিরুদ্ধে পুলিশ কড়া নজর রাখছে এবং জোরদার অভিযান জারি রেখেছে।অবৈধ নেশা কারবারীদের কাউকেই ছাড়া হবে না।
