আগরতলা : পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাসের উদ্যোগে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে বুধবার কুমারঘাট মহকুমায় দুটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। এদিন কুমারঘাট এসডিএম অফিস প্রাঙ্গণে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম অ্যাম্বুলেন্সটি কুমারঘাট মহকুমা হাসপাতাল-এর হাতে তুলে দেওয়া হয়।
বিকেলে দ্বিতীয় অ্যাম্বুলেন্সটি ডারলং এইচএনএএম-এর নিকট হস্তান্তর করা হয় বলে জানা গেছে। মোট দুটি অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য দপ্তরের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, এই উদ্যোগের ফলে মহকুমা এলাকায় জরুরি স্বাস্থ্য পরিষেবা আরও বেগবান ও সুশৃঙ্খল হবে। দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার ক্ষেত্রে দ্রুত রোগী পরিবহণ নিশ্চিত করা সম্ভব হবে। বিধায়ক ভগবান দাস বলেন, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা সহজলভ্য ও সময়োপযোগী করা সরকারের অগ্রাধিকার। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে দ্রুত চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন এই সংযোজনের ফলে রোগীদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হবে এবং চিকিৎসা পরিষেবায় গতি আসবে। স্বাস্থ্যকর্মীরাও জানান, পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেক সময় রোগী পরিবহণে বিলম্ব হত।
এখন সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের ফলে কুমারঘাট মহকুমার স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে প্রশাসনিক মহলের অভিমত।
