আগরতলা:শুক্রবার বিলোনিয়া সার্কিট হাউসে দক্ষিণ জেলা ভিত্তিক মৎস্য, প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের এই বছরের বাজেট এবং তার যথাযথ ব্যবহার নিয়ে পর্যালোচনা করার জন্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌর হিত্যে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তিনটি দপ্তর ছাড়াও জেলার জেলা সভাধিপতি রতন দত্ত,জেলার আটটি ব্লকের ব্লক আধিকার, মহকুমা শাসক এবং জেলা শাসকের অফিসের আধিকারিক সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, গত বছরের জুলাই মাসে বিলোনিয়া জেলার প্রথম পর্যালোচনা বৈঠক হয়েছিল। আজকে হচ্ছে দ্বিতীয় পর্যালোচনা বৈঠক।
তিনি জানান, এই জেলায় তিন দফতরের মাধ্যমে যে অর্থ প্রদান করা হয়েছে, যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট গুলো দেওয়া হয়েছে আর কতটা বাস্তবায়ন হয়েছে,কতটুকু অগ্রগতি হয়েছে, কোন কোন জায়গায় ব্যর্থতা রয়েছে, দুর্বলতা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তিন দপ্তরের অধিকর্তা, সচিব, জেলার বিভিন্ন ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন এবং বিভিন্ন আধিকারিকদের থেকেও মতামত নেওয়া হয়। মাঠে তারা কেমন কাজ করছেন সে সমস্ত বিষয় তাদের কাছ থেকে সঠিক ভাবে জেনে এই অর্থবছরে যাতে ১০০ শতাংশ সফলতা অর্জন করা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে। একটা গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হবে যাতে করে সঠিকভাবে সমস্ত কাজ করা হয় মানুষের জন্য।
পাশাপাশি মন্ত্রী আরো বলেন, দক্ষিণ জেলাকে মাছ মাংস এবং দুধের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে আমাদের রাজ্য মাছ মাংস এবং দুধে স্বয়ংবর হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস।
