আগরতলা।। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন জারি করেছে ত্রিপুরার খোয়াই আদালত। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে আগামী ২২ জুন আদালতে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

জানা গেছে, ২০২১ সালে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিযোগ করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে। সেই মামলার শুনানির সূত্র ধরেই আদালতের এই সমন।

সূত্রের খবর, সমনটি আলিপুর আদালতের মাধ্যমে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আদালতের এক বেলিফ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত ঠিকানায় নোটিস নিয়ে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত না থাকায় নোটিস গ্রহণ নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়। পরে তৃণমূল নেতা কুণাল ঘোষ নোটিস গ্রহণ করেন বলে জানা গেছে।অন্যদিকে, সই জালিয়াতি মামলায় সিআইডির একাধিক তলবেও এখনও হাজির হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কখনও শারীরিক অসুস্থতা, আবার কখনও দিল্লিতে অবস্থানের কারণ দেখিয়ে সময় চেয়েছেন তিনি। একইসঙ্গে ওই মামলায় আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন।

এই পরিস্থিতিতে ত্রিপুরার আদালতের নতুন সমন রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন নজর ২২ জুনের দিকে— আদালতের নির্দেশ মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোয়াই আদালতে হাজিরা দেন কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *