আগরতলা।। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে ত্রিপুরা জুড়ে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নজরদারি।
সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলিতে নিয়মিত টহলদারির পাশাপাশি চলছে বিশেষ নজরদারি। সীমান্ত দিয়ে যাতে কোনও ধরনের অবৈধ অনুপ্রবেশ বা বেআইনি কার্যকলাপ না ঘটে, সেদিকেও রাখা হচ্ছে কড়া নজর।ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের অতিরিক্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। দিন-রাত বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকায় টহলদারি চালানো হচ্ছে।
স্বাধীনতা দিবসের আগে রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলির পাশাপাশি সীমান্ত এলাকাতেও নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরও যেকোনও সন্দেহজনক গতিবিধি নজরে এলে নিরাপত্তারক্ষীদের জানানোর জন্য সচেতন করা হচ্ছে।
স্বাধীনতা দিবস শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতেই এই বিশেষ নজরদারি বলে জানা গেছে। সীমান্তজুড়ে বিএসএফের তৎপরতায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে।
