আগরতলা।। স্বাধীনতা দিবসকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচির ঘোষণা করল রাজ্য সরকার।

জানানো হয়, ২০২২ সালে আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে শুরু হওয়া ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান এবার পঞ্চম বছরে পদার্পণ করেছে। আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সারা দেশে এই কর্মসূচি পালিত হবে। এ বছরের উদযাপন ১৫০ বছর পূর্তি উপলক্ষে ‘বন্দে মাতরম’-এর স্মরণে উৎসর্গ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে তিরঙ্গা র‍্যালি, প্রদর্শনী, তিরঙ্গা কনসার্ট, বাইক ও সাইকেল র‍্যালি, ত্রিবর্ণ আলোকসজ্জা, রঙ্গোলি, ‘সেলফি উইথ তিরঙ্গা’সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।১১ আগস্ট বিকেল সাড়ে ৪টায় উজ্জয়ন্ত প্রাসাদ থেকে রাজ্যস্তরের তিরঙ্গা র‍্যালির সূচনা করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে র‍্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পৌঁছাবে। সেদিন সেখানে তিরঙ্গা প্রদর্শনী ও তিরঙ্গা কনসার্টও অনুষ্ঠিত হবে।রাজ্যের প্রতিটি জেলায় একই ধরনের কর্মসূচি পালিত হবে। ছাত্র-যুব, ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে জাতীয় পতাকা সংগ্রহ ও নিজ নিজ বাড়িতে উত্তোলনের আহ্বান জানানো হয়েছে।

রাজ্য সরকার আশা প্রকাশ করেছে, আগের বছরের মতো এবারও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি ব্যাপক সাফল্য অর্জন করবে। মহাকরণের সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্ত্যে ও দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *