সোনামুড়া।। সাম্যের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম রাজ্যভিত্তিক জন্মজয়ন্তী আজ সোনামুড়ায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সোনামুড়া টাউন হলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক চেতনা ও কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন।
মঙ্গলবার দুপুর বেলা এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জন্মজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী কিশোর বর্মন। তিনি অনুষ্ঠানমঞ্চে উপস্থিত হয়ে প্রথমেই কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।মন্ত্রী কিশোর বর্মন বলেন নজরুল কেবল কোনো নির্দিষ্ট ধর্মের বা গোষ্ঠীর কবি ছিলেন না, তিনি ছিলেন মানবতার কবি। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগায়।এছাড়াও তিনি কবি নজরুলের সাহিত্যকীর্তি এবং বর্তমান সমাজে তাঁর প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের সাম্যবাদী চেতনা ও অসাম্প্রদায়িক মনোভাব পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে সোনামুড়ার এই আয়োজনকে তিনি সাধুবাদ জানান উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের কণ্ঠে নজরুল গীতি, আবৃত্তি এবং নজরুলের নৃত্যনাট্য পরিবেশিত হয়, যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।এ দিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত দত্ত, শিক্ষা দপ্তরের উপ অধিকার এমডি সেলিম সোনামুড়া মহকুমা শাসক রাজু দেব, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিনের এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নজরুলপ্রেমী সাধারণ মানুষ উপস্থিতিতে সমগ্র সোনামুড়া শহর নজরুল বন্দনায় মুখরিত হয়ে ওঠে।
