আগরতলা: সংবাদ মাধ্যম হলো সমাজের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সাংবাদিকদের রক্তদানের মত সেবামূলক কাজ সমাজকে নতুন দিশা দেখাবে। এই উদ্যোগ সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতিচ্ছবি।

                   
আজ তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসেম্বলি অব জার্নালিস্ট আয়োজিত মেগা রক্তদান ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মত মহৎ কাজ অন্যকিছু হতে পারেনা। মানুষের জন্যই মানুষ, এই ভাবনা রক্তদানের মাধ্যমেও প্রতিফলিত হয়। রক্তের অভাবে যেন কোনো রোগী সমস্যায় না পরেন তারজন্য রক্তদানের মত মহৎ কর্মসূচি অব্যাহত রাখতে হবে। রক্তদান সম্পর্কে যতবেশি মানুষকে সচেতন করা যাবে, সেচ্ছায় রক্তদানে ততোবেশি মানুষ এগিয়ে আসবেন।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ইতিমধ্যেই ১৪টি ব্লাড ব্যাঙ্ক গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার সংবাদ বান্ধব এবং সাংবাদিক বান্ধব সরকার। বর্তমান সরকার সাংবাদিকদের পারিবারিক পেনশন বৃদ্ধি করে ১০ হাজার টাকা করেছে। আগে ১ হাজার টাকা পেনশন দেওয়া হতো। সাংবাদিকদের চিকিৎসার নিশ্চয়তার জন্য তাদের মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় যুক্ত করা হবে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতার জন্য কর্মশালার আয়োজন করা হচ্ছে। সংবাদ মাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানের জন্যও রাজ্য সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে।


মুখ্যমন্ত্রী বলেন, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদেরও নিজেদের কাজের ক্ষেত্রে আপ টু ডেট থাকতে হবে। নিজেদের কাজে উৎকর্ষতা বাড়াতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানুষের জন্য কল্যাণমূলক কাজগুলি সবার সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, রাজ্যের সাংবাদিকগণ অন্যান্য রাজ্যের সাংবাদিকদের তুলনায় কোনভাবেই পিছিয়ে নেই। রাজ্যের সাংবাদিকদের স্বচ্ছতার সঙ্গে তাদের পেশাগত দায়িত্বপালন করতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। রক্তদান ও চিকিৎসা শিবির করার জন্য মুখ্যমন্ত্রী এসেম্বলি অব জার্নালিস্টকে অভিনন্দন জানান।


অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্যে, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, এসেম্বলি অব জার্নালিস্ট-এর সম্পাদক সানিত দেবরায়, সহ সভাপতি দিবাকর দেবনাথ সহ অন্যান্য সাংবাদিক ও সংবাদ কর্মীরা।

অনুষ্ঠানে এসেম্বলি অব জার্নালিস্ট-এর পক্ষ থেকে হাসপাতালের রোগীদের জন্য ৫টি হুইল চেয়ার তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ রক্তদান শিবির এবং প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিদর্শণ করেন। মুখ্যমন্ত্রী রক্তদাতা ও প্রবীণ নাগরিকদের সঙ্গে মতবিনিময়ও করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *