মোহনপুর: অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে সিধাই মোহনপুরের কালিকামুড়া, আমগাছিয়া এলাকায়। শ্রী শ্রী নর্মদেশ্বর শিব লিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্টের পরিচালনায় চালু করা হলো ‘আপনজন বস্ত্রালয়’—সম্মান আপনার কাপড় ব্যাংক।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, আর্থিকভাবে অসচ্ছল মানুষদের প্রয়োজনীয় পোশাক স্বল্পমূল্যে অথবা সামর্থ্য অনুযায়ী সংগ্রহের সুযোগ করে দেওয়া। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে শাড়ি মাত্র ২০ টাকা এবং জামাকাপড় মাত্র ১০ টাকা মূল্যে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তবে কেউ আর্থিকভাবে মূল্য দিতে না পারলেও মানবিকতার কথা বিবেচনা করে তাকে বঞ্চিত করা হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০২ মোহনপুর বিধানসভার মাননীয় মণ্ডল সভাপতি কার্তিক আচার্য এবং ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা সোম ফাউন্ডেশনের চেয়ারপার্সন অভিজিৎ দাস।

এই মহতী উদ্যোগের উদ্যোক্তা সুব্রত সরকার, যিনি শ্রী শ্রী নর্মদেশ্বর শিব লিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্টের সভাপতি এবং সোম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। তাঁর উদ্যোগেই এই কাপড় ব্যাংককে সাধারণ মানুষের জন্য একটি মানবিক সহায়তা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের বক্তব্য, সমাজের প্রত্যেক মানুষের পক্ষে নতুন পোশাক কেনা সবসময় সম্ভব হয় না। তাই মানুষের ঘরে অব্যবহৃত অবস্থায় থাকা ভালো পোশাক যদি এই কাপড় ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়া যায়, তাহলে তা একজন অভাবী মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

আপনজন বস্ত্রালয়’-এর পক্ষ থেকে সকলের কাছে আবেদন জানানো হয়েছে—ঘরে থাকা ব্যবহারযোগ্য অতিরিক্ত পোশাক ফেলে না রেখে এই কাপড় ব্যাংকে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কারণ, আপনার একটি ছোট্ট সহযোগিতাই হয়তো কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে।

উদ্যোক্তাদের আশা, সকলের সহযোগিতা ও অংশগ্রহণে ‘আপনজন বস্ত্রালয়’ আগামী দিনে অসহায় ও দরিদ্র মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *