আগরতলা।। আজ প্রজ্ঞা ভবনের ১ নং হলে শিশুদের অধিকার বিষয়ে রাজ্যভিত্তিক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং প্রাথমিক শিক্ষা দপ্তর যৌথভাবে এই আলোচনাচক্রের আয়োজন করে। এই আলোচনাচক্রের উদ্বোধন করেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডা. মিলিন্দ রামটেকে।
আলোচনাচক্রে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্য, সদস্যাগণ, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, আরক্ষা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ ছাড়াও বিদ্যালয় পরিদর্শকগণ, জেলা শিক্ষা আধিকারিক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ব্লক রিসোর্স পার্সনগণ, ক্লাস্টার রিসোর্স পার্সনগণ, শিশু কল্যাণ কমিটির সদস্যাগণ ও বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনাচক্রের উদ্বোধন করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডা. মিলিন্দ রামটেকে বলেন, শিশুরা আমাদের দেশের সম্পদ। সর্বপ্রথম তাদের ভালোবাসা ও নিরাপত্তা দিতে হবে।
তিনি বলেন, শিশুদের নিরাপত্তা ও শিক্ষার বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে। একাজে অভিভাবক ও শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে। কেননা বর্তমানের শিশুরা হলো ভবিষ্যৎ ভারতের উন্নয়নের মূল চাবিকাঠি। তিনি বলেন, ছেলেমেয়েদের অপরাধ, মাদক ও সাইবার ক্রাইম সম্পর্কে তাদের সচেতন করতে হবে। বিভিন্ন অপরাধ থেকে শিশুদের রক্ষা করতে হবে। আলোচনাচক্রে নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের অধিকর্তা ভি. রামনাথ রেড্ডি। তিনি বলেন, বিশ্বে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিশু পাচার। এটা প্রতিরোধে আমাদের প্রসিকিউশন, প্রোটেকশন ও প্রিভেনশন পদ্ধতি অবলম্বন করতে হবে। শিশুদের সম্পর্কে আমাদের সংবেদনশীল ও মানবিক হতে হবে। আজকের আলোচনাচক্রের মূল উদ্দেশ্য হলো শিশুদের অধিকার ও নিরাপত্তা যাতে বজায় থাকে। এর জন্য আমাদের সকলকে একাত্ম হয়ে কাজ করতে হবে।এরপর আয়োজিত হয় টেকনিক্যাল সেশন।
টেকনিক্যাল সেশনে ‘চাইল্ড ট্রাফিকিং’ বিষয়ে নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের টেকনিক্যাল এক্সপার্ট পরেশ সাহ। প্রিভেন্ট অব চাইল্ড ট্রাফিকিং নিয়ে আলোচনা করেন ডি.আই.জি.পি. (অপরাধ) সঞ্জয় রায়। এছাড়া ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি অব চিলেড্রন ইন স্কুল’ বিষয়ে নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি আলোচনা করেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সিনিয়র টেকনিক্যাল এক্সপার্ট শেইস্টা কে, সাহ এবং টেকনিক্যাল এক্সপার্ট পরেশ সাহ। ইস্যুস অ্যান্ড গ্যাপস ইন ইমপ্লিমেনটেশন অব জুভেনাইল জাস্টিজ অ্যাক্ট ২০১৫ এবং পকসো অ্যাক্ট ২০১২ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যা চামেলি সাহা। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা হর্ষিতা বিশ্বাস।
তিনি তার স্বাগত বক্তব্যে শিশু সুরক্ষা সংক্রান্ত যে কোনও বিষয়ে ১০৯৮ টোল ফ্রি নম্বরে এবং সাইবার ক্রাইমের বিষয়ে ১৯৩০ টোল ফ্রি নম্বরের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্টেট নোডাল অফিসার অভিজিৎ সমাজপতি।
