আগরতলা ।। আগরতলা পুর নিগমের নির্দেশক্রমে শহর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে আগরতলা শহরের মন্ত্রীবাড়ি রোড এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ বছর পুরনো একাধিক দোকানপাট ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে আসা ব্যবসায়ীরা বর্তমানে নিজেদের উদ্যোগেই দোকানগুলি অপসারণ করছেন।
ব্যবসায়ীদের দাবি, পুর নিগমের পক্ষ থেকে দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ পাওয়ার পর তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আগরতলা পুর নিগমের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে তাঁদের বিকল্প পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসের ভিত্তিতেই তাঁরা স্বতঃস্ফূর্তভাবে দোকান সরিয়ে নিচ্ছেন।
ব্যবসায়ীদের আরও দাবি, দীর্ঘদিন ধরে সরকারি জমির উপর তাঁরা ব্যবসা পরিচালনা করলেও শহর উন্নয়নের স্বার্থে প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সহযোগিতা করছেন। তবে পুনর্বাসনের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তাঁরা। তবে বিকল্প পুনর্বাসনের আশ্বাস বাস্তবায়নের দাবিও তুলেছেন তাঁরা।
