আগরতলা।। পথ দুর্ঘটনা কমাতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। এবারে সচেতনতা শিবিরের পাশাপাশি বাণিজ্যিক গাড়িগুলির চালকদের জন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এই প্রথমবারের মত ড্রাইভারদের জন্য ত্রিপুরা ট্রাফিক পুলিশ এর পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় আগরতলার নজরুল কলা ক্ষেত্রে।
উপস্থিত ছিলেন ডি আই জি অনুরাগ ধ্যান কর, ট্রাফিক বিভাগের পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ অন্যান্য আধিকারিকরা। এই শিবির থেকে যাদের চোখের লেন্স কিংবা চশমার প্রয়োজনীয়তা রয়েছে তাদের বিনামূল্যেই তা দেওয়া হবে বলে জানানো হয়। শিবিরে প্রায় এক হাজার চালক উপস্থিত ছিলেন। তারাও প্রশাসনের তরফে এই ধরণের উদ্যোগের বেশ প্রশংসা করেন।
মূলত পথ দুর্ঘটনা কমাতেই এই উদ্যোগ বলে জানানো হয়। ট্রাফিক দপ্তরের তরফে দাবি করা হয় ২০২৪ সালে রাজ্যে ৫৭৮ টি যান দুর্ঘটনা ঘটেছিলো। ২০২৫ সালে তা কমে হয়েছে ৫২৭ টি। তাই দপ্তরের তরফে যান দুর্ঘটনা কমছে বলে দাবি করা হয়।
