আগরতলা।। ত্রিপুরার শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আগরতলায় অনুষ্ঠিত দ্বিতীয় ত্রিপুরা রিভার্স বায়ার-সেলার মিট–২০২৬।
আগরতলার পোলো টাওয়ার্স হোটেলে সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সন্তনা চাকমা।রাজ্যের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের বিকাশ এবং স্থানীয় উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, উদ্যোক্তা, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
তাঁদের মধ্যে সরাসরি মতবিনিময়, ব্যবসায়িক আলোচনা এবং সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের সুযোগ তৈরি হবে।মন্ত্রী সন্তনা চাকমা বলেন রিভার্স বায়ার-সেলার মিটের অন্যতম লক্ষ্য হলো ত্রিপুরার উৎপাদিত পণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করা। বিশেষ করে বাঁশ ও বেতজাত পণ্য, হস্তশিল্প, কৃষিভিত্তিক উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং অন্যান্য স্থানীয় শিল্পজাত সামগ্রীর বিপণনের নতুন পথ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ, বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের সামনে থাকা চ্যালেঞ্জ নিয়েও বিস্তারিত আলোচনা হয় বলে মন্ত্রী সান্তনা চাকমা দাবি করেন। একই সঙ্গে স্থানীয় উৎপাদকদের সঙ্গে বড় ক্রেতাদের সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার চেষ্টা করা হবে।
রাজ্যের শিল্পোন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক বিকাশে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আগামী দিনের শিল্পবান্ধব ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে দ্বিতীয় ত্রিপুরা রিভার্স বায়ার-সেলার মিট–২০২৬ একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা।।
