আগরতলা।। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্লো গ্রিনের পক্ষ থেকে রবিবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, সাউথ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে গ্লো গ্রিনের কর্মকর্তারা শহরকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা জানান, আগরতলা শহরে আধুনিক প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে জিপিএস জিপিআরএস-ভিত্তিক মনিটরিং ব্যবস্থা চালু করা হবে, যার মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকলে দ্রুত তা শনাক্ত করে প্রায় ১০ মিনিটের মধ্যে পরিষ্কারের ব্যবস্থা করা সম্ভব হবে।এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্লাস্টিক বোতল ও অন্যান্য প্লাস্টিকজাত বর্জ্য ফেলার জন্য বিশেষ ধরনের ডাস্টবিন স্থাপন করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে, এই উদ্যোগ শহরকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে এবং নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।।
বিশ্ব পরিবেশ দিবসের এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
