আগরতলা।। বিশেষ লোক আদালতে সমস্যা সমাধান সমারোহে এলেন সর্বশিক্ষার শিক্ষক কর্মচারীরা। কিন্তু কোনো সমাধান হলো না। রাজ্য সরকার সমাধান করতে আগ্রহী নয়।সর্ব শিক্ষার শিক্ষকদের তরফ থেকে জানানো হয় সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিত করনের পক্ষে হাইকোর্টে রাজ্য সরকার দুইবার হেরেছে।
হাইকোর্ট দুইবারই সর্ব শিক্ষার কর্মরত শিক্ষকদের নিয়মিত করনের পক্ষে রায় ঘোষণা করেছেন। তারপরও রাজ্য সরকার নিয়মিতকরণের পক্ষে না গিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন। সুপ্রিম কোর্ট বিশেষ লোক আদালতের মাধ্যমে রাজ্য সরকারের প্রতিনিধি এবং সর্ব শিক্ষার কর্মরত শিক্ষকদের প্রতিনিধিদের মধ্যে একটি সমাধান সূত্র বের করার নির্দেশ প্রদান করে।
সেই মুতাবেক লোক আদালত থেকে নোটিশ করা হয় ৩০ জুন লোক আদালতে এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা করা হবে। যথারীতি সর্বশিক্ষার কর্মরত শিক্ষকরা এই সমাধান সমারোহে উপস্থিত হয়। পরবর্তী সময়ে তাদের মধ্য থেকে কয়েকজন প্রতিনিধি লোক আদালতে উপস্থিত হয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করলে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের নিয়মিতকরণের পক্ষে কোন আগ্রহ দেখায়নি। তারা সরাসরি এই সমাধানে আগ্রহী নয় বলে জানিয়ে দেন।
ফলে সর্বশিক্ষায় কর্মরত শিক্ষকরা আবারও তাদের নিয়মিত করনের ব্যাপারে দ্বিধায় পড়ে যায়। শিক্ষকদের তরফ থেকে রাজ্য সরকারের কাছে ২০১৮ সালের ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে নিয়মিত করনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানায়।
