আগরতলা।। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে এবার রাস্তায় নামল আমরা বাঙালি দল।ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে একাধিক জনস্বার্থের বিষয় নিয়ে সরব হল দল।

সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকরা।নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে—আর সেই মূল্যবৃদ্ধির চাপ সরাসরি পড়ছে সাধারণ মানুষের পকেটে। এই অভিযোগকে সামনে রেখেই বিক্ষোভে নামে আমরা বাঙালি দল ত্রিপুরা রাজ্য কমিটি।দলের অভিযোগ, একদিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, অন্যদিকে রাজ্যের বহু শিক্ষিত যুবক-যুবতী কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন।

তাই অবিলম্বে বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং স্থানীয় যুবকদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়।শুধু কর্মসংস্থান কিংবা মূল্যবৃদ্ধি নয়, শহরের বিভিন্ন রাস্তার বেহাল দশা নিয়েও সরব হয় দল। দ্রুত রাস্তা মেরামতের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যার সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচি থেকে স্পষ্ট বার্তা—মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, বেকারদের কর্মসংস্থান, স্থানীয় যুবকদের নিয়োগ এবং নাগরিক পরিষেবার উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিতে হবে সরকারকে। দাবিগুলি পূরণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে আমরা বাঙালি দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *