আগরতলা: সততা, স্বচ্ছতা ও জবাবদিহির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আয়োজিত হলো সচেতনতামূলক পদযাত্রা। ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক ২০২৬ উপলক্ষে বুধবার আগরতলায় এই পদযাত্রার আয়োজন করা হয়।
এদিন অভয়নগরে অবস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে পদযাত্রার সূচনা হয়। উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং।
ব্যাংকের আধিকারিক, কর্মী ও অন্যান্য অংশগ্রহণকারীদের নিয়ে পদযাত্রাটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতা বজায় রাখা এবং সমাজের প্রতিটি স্তরে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পদযাত্রা শেষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক ২০২৬-এর তাৎপর্য এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার বার্তাই এই পদযাত্রার মাধ্যমে তুলে ধরে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।
