আগরতলা।। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব রেবেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা অনিমেষ দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ত্রিপুরার সরকারি সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে SAMARTH পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে।
আগামী ২৯ মে থেকে ৭ জুন রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রথম দফার মেরিট লিস্ট প্রকাশ হবে ১৯ জুন এবং ধাপে ধাপে মোট চার দফায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।এবার নতুন উদ্যোগ হিসেবে সিপাহিজলা জেলার নলচরে চালু হচ্ছে নতুন Government Women’s Degree College। পাশাপাশি IASE, কুঞ্জবনে চালু হচ্ছে নতুন B.Sc Computer Science কোর্স।
এছাড়াও IASE-এ BA English Major-এর আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।দপ্তরের তরফে আরও জানানো হয়, চলতি শিক্ষাবর্ষে সরকারি ডিগ্রি কলেজগুলিতে মোট আসন সংখ্যা বেড়ে হয়েছে ৩২ হাজার ১৫৯। রাজ্যে এ বছর প্রায় ২৮ হাজার ৯৬৭ জন উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মেধার ভিত্তিতে স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতেই অনলাইন পদ্ধতি চালু রাখা হয়েছে।
অন্যদিকে, আগামী ২১ জুন রাজ্যে অনুষ্ঠিত হবে NEET (UG) 2026 পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে উচ্চশিক্ষা দপ্তর, এনটিএ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পশ্চিম ত্রিপুরায় ৯টি এবং ধলাই জেলায় ১টি পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
প্রায় ৪ হাজার ৭০০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে জানানো হয়।পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকবে বহুস্তরীয় ফ্রিস্কিং, CCTV নজরদারি, জ্যামার, উড়ন্ত স্কোয়াড এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে এবং অভিভাবকদেরও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
