আগরতলা।। ত্রিপুরার রাজ্যপালের উদ্যোগে সোমবার লোক ভবনে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দেশের নিরাপত্তা ও সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ৩৫ আসাম রাইফেল এবং ৬৩৭ সাটা বিটিওয়াই ভারতীয় সেনাবাহিনী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল।
এদিন সম্মাননা গ্রহণ করে সেনা ও আসাম রাইফেলসের আধিকারিকরা, এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন।অনুষ্ঠানকে ঘিরে লোক ভবন প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তা ব্যবস্থা।
