আগরতলা ।। ডায়রিয়া প্রতিরোধ, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলায় শুরু হলো ‘স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন-২০২৬’-এর জেলা পর্যায়ের কর্মসূচি।
আগরতলার এ.ডি নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত ৩৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পুর কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়,স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, জন প্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন ডায়রিয়া প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ পানীয় জল ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ওআরএস ও জিঙ্কের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ করে শিশুদের মধ্যে ডায়রিয়া সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়ি বাড়ি ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
দীপক মজুমদার,বর্ষাকালে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায়, সময়মতো সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়বে বলেই আশাবাদী প্রশাসন।।
